
নিউজ ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হন অন্তত পাঁচজন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই বাসের যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় নিয়ে আসে।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত (ঢাকা মেট্রো-ব-১৫-৫০২০) বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।