
অনলাইন ডেস্ক:
সারাদিন কাজ করে বাড়ি ফিরে রাতে খাওয়ার পর বিশ্রাম করা যেতেই পারে। তবে খাওয়ার পর দ্রুত ঘুমাতে গেলে কিন্তু অজান্তেই ডেকে আনবেন নিজের ক্ষতি। কী কী ক্ষতি হচ্ছে চলুন জেনে নেওয়া যাক।
যান্ত্রিক জীবন রুটিন মেনে চলে। এই রুটিন জীবনযাপনের ফলে আমাদের জীবনে প্রবেশ করেছে খারাপ কিছু অভ্যাস। এমনই একটি অভ্যাস হলো খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যাওয়া।
বিশেষজ্ঞদের কথায়, খাওয়ার পর ঘুমাতে চলে যাওয়ার অভ্যাস এখন বাড়ছে। এর একটা কারণ হতে পারে হাতে একদমই সময় নেই বা মানুষ খুবই ক্লান্ত। তাই খেয়েদেয়ে সরাসরি চলে যেতে হচ্ছে ঘুমের দেশে। কারণ তখন না ঘুমালে হয়তো পরের দিন সকালে থেকে যাবে ঘুমের রেশ। সেই রেশ ধরেই করতে হবে কাজ। তাই সবাই চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে চলে যেতে।
তবে তাড়াহুড়ো বাদ দিলেও এক অংশের মানুষ আবার নিজেদের অভ্যাসের বসেই খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন। তবে যে কারণেই হোক না কেন, খাওয়ার পর সরাসরি ঘুমাতে গেলে হতে পারে নানান ক্ষতি। তাই সচেতন থাকা ছাড়া উপায় একেবারেই নেই।
কী কী ক্ষতি হতে পারে
সুগার বাড়ে: খাবার খাওয়ার পরপরই ঘুমাতে গেলে বেড়ে যায় রক্তে সুগারের মাত্রা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রাতে খাওয়ার পরই শুতে গেলে শরীরে সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তাই আমাদের সচেতন থাকা ছাড়া উপায় নেই।
বিপাক ক্রিয়ায় সমস্যা: রাতে খাওয়ার পরই শুতে গেলে শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সঠিকভাবে হয় না। ফলে শরীরে শক্তি উৎপাদনে ঘাটতি দেখা যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। তাই আমাদের প্রত্যেককেই থাকতে হবে সতর্ক।
পাচন ক্রিয়া: খাওয়ার পরই ঘুমাতে গেলে শরীরের ভেতরে পাচন ক্রিয়া সঠিকভাবে কাজ করতে পারে না। খাদ্য হজমে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বদহজম, অ্যাসিডিটি লেগেই থাকে।
ঘুমে সমস্যা: খেয়েই ঘুমাতে গেলে ভাববেন না ভালো ঘুম হবে। বরং এক্ষেত্রে ঘুম ভালো মতো না হওয়ার আশঙ্কাই প্রবল। তাই প্রথম থেকেই সচেতন থাকুন। তাই ভালো ঘুমাতে চাইলে খাওয়ার পরই ঘুম নয়।
ওজন বাড়ায়: বিভিন্ন গবেষণায় দেখা গেছে খাওয়ার পরই সঙ্গে সঙ্গে শুয়ে পড়া মানুষের ওজন বৃদ্ধি হয় দ্রুত।
কী করবেন: খাওয়ার পরই ঘুমাতে যাওয়া যাবে না, এটাই হলো সহজ ও সরল কথা। সেক্ষেত্রে খানিকটা সময় হাতে রাখতে হবে। খাওয়ার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর ঘুমাতে যান। আর খাওয়ার পর ঘরে বা বারান্দায় ১৫ মিনিট হাঁটতে পারেন। দেখবেন শরীর অনেক হালকা লাগছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার