ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় শহীদুল ইসলাম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার বেলা পৌনে ১০টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার আদিবাসী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অদূরে গোলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক শহিদুল ইসলামের বাড়ি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে।

গুল্টা বাজার আদিবাসী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, বখাটে শহিদুল ইসলাম প্রায়ই তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবকরা শহিদুল ইসলামের অভিভাবকদেরকে জানান। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি।

শনিবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসছিল। এ সময় শহিদুল মোটরসাইকেল নিয়ে ওই ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে বিদ্যালয়ের অদূরে গোলাপুর এলাকায় এসে শহিদুল বাইক থেকে নেমে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন দেখে শহিদুলকে গণপিটুনি দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাড়াশ ইউএনও মেজবাউল করিমকে জানান। তিনি ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে পাঠিয়ে দেন।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম জানান, সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের শহিদুলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply