দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় ও শ্যামল নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শাহাব্দিপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত হৃদয় উপজেলার উজানপাড়া গ্রামের বাদরুলের ছেলে ও অপরজন রাজশাহী মহানগরের রাইপাড়া গ্রামের সন্তোষের ছেলে।

আহতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার জোৎগোসাইদাস গ্রামের বাশিরের ছেলে আপেল ও লালবাগ গ্রামের মাহাবুবের ছেলে মোহাম্মদ আলী এবং নগরীরপাড়া রায়পাড়া এলাকায় তোসিকের ছেলে মোসাদ্দেক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মোটরসাইকেলে তিনজন গোদাগাড়ীর দিকে ও আরেকটি মোটরসাইকেলে দুইজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি উপজেলার শাহাব্দিপুর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে পাঁচজনই আহত হন।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সূত্র: ডেইলী বাংলাদেশ।