
নিউজ ডেস্ক:
মেয়ের গায়ে হলুদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে নগরীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী সাবেক বিজিএমইএ নেতা এস এম আবু তৈয়ব। তার একমাত্র কন্যা সাইকার বিয়ে হচ্ছে ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার পুত্র নিলয় ইসলামের সঙ্গে।
রবিবার নগরীর নেভি কনভেনশন সেন্টারে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ে অনুষ্ঠানের আগে গত বৃহস্পতিবার দেড় হাজার গার্মেন্টস কন্যাকে নিয়ে সাইকার গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। এতে গার্মেন্টস কন্যাদের আনন্দময় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে দিয়েছে ভিন্ন মাত্রা। গায়ে হলুদ উপলক্ষ্যে কারখানার সব নারী কর্মীই পেয়েছেন হলুদ শাড়ি।
মালিক তার স্ত্রী ও স্বজনদের জন্য যে শাড়িটি কিনেছেন ঠিক একই শাড়ি কিনেছেন কারখানার দেড় হাজার কর্মীর জন্য। পুত্রসহ নিজে গায়ে হলুদের অনুষ্ঠানে যেই পাঞ্জাবি পরেছেন ঠিক একই পাঞ্জাবি দিয়েছেন গার্মেন্টসের পুরুষ শ্রমিক ও কর্মকর্তাদের। চট্টগ্রাম ক্লাবে বিয়ের অনুষ্ঠানে যেই বাবুর্চি রান্না করবেন, তাকে দিয়ে ঠিক একই পদের খাবার রান্না হয়েছে গায়ে হলুদের জন্য। গার্মেন্টস কন্যারা কেউ ৫০ টাকা, কেউ ২০ টাকা, কেউবা ১০০ টাকা চাঁদা দিয়ে সাইকাকে উপহার দিয়েছেন এক সেট স্বর্ণের গহনা। সেই গহনা নিজেরাই পরিয়ে দিয়েছেন সাইকাকে। মেয়ের গায়ে হলুদ উপলক্ষ্যে নাসিরাবাদ শিল্প এলাকায় এস এম আবু তৈয়বের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস কারখানার সব শাখায় ছুটি ঘোষণা করা হয়েছিল। ছাদের ওপর মঞ্চ করে আয়োজন করা হয় সাইকার গায়ে হলুদের অনুষ্ঠান। ছাদ জুড়ে ছিলেন শত শত নারী। সবাই গার্মেন্টস কন্যা। সবার পরনে একই শাড়ি। ব্যবসায়ী আবু তৈয়বের স্ত্রী উলফাতুন্নেছাও একই শাড়ি পরে এসেছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে চারদিকে ছড়িয়ে পড়েছিল উচ্ছ্বাস। গার্মেন্টস কন্যারা গানের তালে নেচে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।