
অনলাইন ডেস্ক:
নিজের স্ত্রী ও দুই সন্তানের তথ্য গোপন করে এক নারীকে বিয়ে ছাড়াই সংসার করায় ইউনুস আলী নামে এক সরকারী কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাভারের হেমায়েতপুর চান্দুলিয়া এলাকা থেকে অভিযুক্ত ইউনুস এবং ওই নারীকে আটক করা হয়।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ইউনুস আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা মৎস্য অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতের স্ত্রী আমেনা খাতুনের অভিযোগ, তার স্বামী ইউনুস প্রায় ২ বছর আগে কিশোরগঞ্জ এলাকায় মৎস্য অধিদপ্তরে সরকারি চাকরি পেয়েছে। তারপর থেকেই স্ত্রী ও দুই ছেলে সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে এক মেয়েকে বিয়ে না করে সংসার পাতেন। বিষয়টি জানতে পেরে আমি খোঁজ খবর নিয়ে সাভারের হেমায়েতপুর এলাকায় গিয়ে তাদেরকে হাতেনাতে ধরতে সক্ষম হই। পরে স্থানীয়দের সহায়তায় ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে আটক করাই।
পুলিশ জানায়, আটক সরকারী কর্মচারী ইউনুস আলী হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকার জনৈক রেজাউল করিমের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। রাতে ৯৯৯ এ অভিযোগ পেয়ে সাভার মডেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সরকারী কর্মচারী ও তার প্রেমিকাকে আটক করে। এ ঘটনায় আটক দুই জনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনার সত্যতা পেয়েছি। প্রথম স্ত্রী অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার