
অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রপ্তানি আদেশ বাতিল হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে সাভারের আশুলিয়ায় একটি কারখানার ৮ শতাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ। শনিবার সকালে আশুলিয়ার ধনাইদ এলাকার সিগমা ফ্যাশন লিমিটেড কারখানাটির প্রধান ফটকে লে-অফ ঘোষণা ও ৮১৫ জন শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের এ নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
এ অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় নোটিশের তালিকায় থাকা শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২, ১৬ এবং ২০ ধারা অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ছাঁটাই করা হলো। সরকারি ডাক বিভাগ খোলা সাপেক্ষে ছাঁটাইকৃত শ্রমিকদের স্থায়ী ঠিকানায় ছাঁটাইয়ের চিঠি পাঠানো হবে। এখানে উল্লেখ থাকে যে, বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে ছাঁটাইকৃত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের আইনানুগ পাওনাদি ব্যাংকের মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে আগামী ৭ মে ২০২০ তারিখের মধ্যে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাঁটাই হওয়া শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকপক্ষ লে-অফ ঘোষণা করায় বিস্মিত হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন ছাঁটাইকৃত শ্রমিকরা। কারখানার সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, হঠাত্ করে লে-অফ ঘোষণা করায় কারখানাটির প্রায় সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। পাশাপাশি কারখানাটিতে শ্রমিকদের বিগত ২ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে।
শ্রমিকরা বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো না হওয়ায় এমনিতেই আমরা অনেক কষ্টে দিনাতিপাত করছি। এর মধ্যে হাঠত্ ছাঁটাই করে দেওয়ায় পরিবার নিয়ে এখন কোথায় যাবো কী করবো বুঝতে পারছি না। এতো বছর ধরে এ কারখানায় কাজ করছি। হঠাত্ সাধারণ ছুটির মধ্যে কারখানা বন্ধ করে দেওয়া কোন আইনে আছে। আমাদের বেতন দেয়নি অফিস থেকে কিছু বলাও হয়নি হুট করে আজ সকালে শ্রমিকদের নাম দিয়ে ছাঁটাই তালিকা টাঙিয়ে দিয়েছে।
শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু বলেন, এই দুর্যোগে শ্রমিকরা কষ্ট করে বাড়িতে না গিয়ে চাকরির আশায় শিল্প এলাকায় অবস্থান করছে। হঠাত্ করে শ্রমিকদের ছাঁটাই এবং কারখানার লে-অফ যেন মরার ওপর খাড়ার ঘা। তাই অবিলম্বে তিনি ছাঁটাই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘আমরা যা করেছি সব নোটিশে লেখা আছে’ বলেই তিনি লাইন কেটে দেন। অন্যদিকে আশুলিয়ার কাঠগড় এলাকার সেঞ্চুরি ফ্যাশন কারখানার প্রায় পাঁচশ শ্রমিক তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে সিএন্ডবি আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।