
অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ের আউটবাড়িয়া গ্রামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার খালু মতিন ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। সোমবার দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মতিন ভূঁইয়া পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কুষ্টিয়া (সেনবাড়ি) গ্রামের মৃত আব্দুল ভূঁইয়ার ছেলে। সে আউটবাড়িয়া গ্রামে তার শ্বশুর আব্দুস সালামের বাড়িতে বসবাস করে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পিতা সোমবার দুপুরে গফরগাঁও থানায় মতিন ভূঁইয়াকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের অনুমতিপ্রাপ্ত) ৮ম শ্রেণির ছাত্রী।
থানায় দায়ের করা মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর স্কুলছাত্রী তার নানার বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে একা পেয়ে মতিন ভূঁইয়া তাকে চাকু দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা প্রকাশ করলে স্কুলছাত্রীকে সামাজিকভাবে ক্ষতি করার এবং মেরে ফেলার হুমকি দেয়। স্কুলছাত্রী এ ঘটনা পরিবারের কাউকে জানায়নি। স্কুলছাত্রী দেড়মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়। এরপর স্কুলছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মতিন ভূঁইয়াকে বিকালে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার