
নিউজ ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে চার কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার মাদক ধ্বংস করেছে ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন। সোমবার বেলা ১১ টায় ফুলবাড়ী সদর দফতরে এক সুধী সমাবেশে এ মাদক ধ্বংস করা হয়।
ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল্লাহ আবেদের সভাপতিত্বে মাদক ধ্বংসকরণ ও সুধী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ এর এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান, দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম, দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন, ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ-উল-ইসলাম, র্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহম্মেদ ফেরদৌস, অ্যাডিশনাল এসপি মিঞা আশিষ বীন হাছান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায়, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুর এর সহকারী পরিচালক রাজিউর রহমান, ফুলবাড়ীর ইউএনও আব্দুস সালাম চৌধুরী ও বিরামপুরের ইউএনও তৌহিদুর রহমান প্রমুখ।
সুধী সমাবেশে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরিফুল্ল্যাহ আবেদ বলেন, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবির সৈনিকরা সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে চার কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার মাদক আটক করে। এসব মাদক সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বলেন, মাদক মুক্ত দিনাজপুর গড়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসনসহ সব আইন শৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে ।