
অনলাইন ডেস্ক:
জাতীয় নির্বাচনে সারা দেশে একদিনে না করে ধাপে ধাপে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। এর ফলে নির্বাচন কমিশনের নিজস্ব জনবলের মাধ্যমে বিভাগ কিংবা জেলাভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করেন তারা।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে এ প্রস্তাব দেন সাংবাদিকরা।
সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কয়টি সিট পায়, আর বিএনপি কয়টি সিট পায়। ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাব। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।
তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন ওপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে। এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে এক দিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।
এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এরপর আমরা ইন্টারনালি এই মতামতগুলো বোঝার ও জানার চেষ্টা করবো।
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এতে অংশ নেন। বৈঠকে ছিলেন নিউএজ সম্পাদক নূরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, প্রথম আলোর আনিসুল হক, সোহরাব হাসান, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রতিদিনের সংবাদের সম্পাদক শেখ নজরুল ইসলাম, আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার