
অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
চিঠিতে মমতা বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সব বাংলাদেশিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে আরো বলেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও এ দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়। আশা করবো এই উৎসব আপনার খুব ভাল কাটবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক। তাই উৎসবের আনন্দও ভাগ করে নিতে এই পত্রের অবতারণা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার নেতৃত্বে আমাদের পরম প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রের আরো শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করছি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।