রংপুরে ছয় হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলার প্রায় ছয় হাজার মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজ আদায় করেন।

শনিবার সকাল সোয়া ৭টা থেকে ১০টা পর্যন্ত মহানগরসহ জেলার প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টা, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ও সাড়ে ৮টায়, শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জুম্মপাড়া করিমিয়া মাদ্রাসায় সকাল সোয়া ৭টায়, দক্ষিণ মুলাটোল জামে মসজিদে ও গনেশপুর বায়তুন মামুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে রংপুর-১ (গঙ্গাচড়া-সিটি আংশিক) আসনের সংসদ সদস্য ও বিরোধি দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গঙ্গাচড়া উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। বদরগঞ্জের চৌধুরিপাড়ায় নিজ এলাকায় নামাজ আদায় করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় বাংলাদেশসহ সারা বিশ্বের উম্মার শান্তি ও করোনা মহামারি থেকে বিশ্ববাসীর হেফাজত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে মাদক, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মোনাজাত পরিচালনা করেন ঈদ জামাতের খতিবগণ।

এম২৪নিউজ/আখতার।