
অনলাইন ডেস্ক:
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী দুই দিন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল, বদলগাছি ও কুমারখালীতে, ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। সূত্র: প্রথম আলো
এম২৪নিউজ/আখতার