
অনলাইন ডেস্ক:
মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগলিক কারণে বাংলাদেশ মাদক সমস্যার কবলে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ মাদক প্রবেশ করে। ইয়াবা আসে মিয়ানমার থেকে আর গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ ভারত থেকে অনুপ্রবেশ করে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি অর্থ বছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ২৩ হাজার ৮০০ মামলা দায়ের করা হয়েছে। আইনের আওতায় আনা হয়েছে ৩১ হাজার ৫৪৫ মাদক চোরাকারবারিকে। এসব মামলায় এক কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৯৩৮ ইয়াবা, ১১৬ দশমিক ১৮৭ কেজি হেরোইন, ২০ হাজার ৭৪২ কেজি গাঁজা, ৮১ হাজার ৪৮৪ বোতল ফেনসিডিল, ১৯ হাজার ২৪৮ অ্যাম্পুল ইনজেক্টিং ড্রাগ এবং ৫৭ হাজার ৯৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার