
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। তবে আপনারা আস্থা রাখুন। আমি সারাজীবন অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না।
শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকের অবহেলায় কোনো রোগীর মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে রোগীদের স্বজনদেরও মাথায় রাখতে হবে হাসপাতালে এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে।
এদিন সকাল সাড়ে ১১টায় মন্ত্রী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানকার সব সুযোগ-সুবিধাগুলো সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া মন্ত্রী হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার, শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।
এর আগে, সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং আশ্রমে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা. মো. রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার