ইরানের ঐতিহ্যবাহী স্থানে হামলার হুমকি দিয়ে বিপাকে ট্রাম্প

নিউজ ডেস্ক:

ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানসহ মোট ৫২টি স্থানে হামলার হুমকি দিয়ে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের রেভ্যুলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত কুদ্স ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দেয়।

এর প্রেক্ষিতে ট্রাম্প জানান, ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানকে লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশটির বেশকিছু ঐতিহ্যবাহী স্থানও। ইরান কিছু করলেই সেই স্থানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পরই তাকে নিয়ে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার শুরু হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা – ইউনেস্কো ইরানের ২৪টি স্থানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে মর্যাদা দিয়েছে। ইউনেস্কো ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের ঐতিহ্যবাহী স্থানগুলো বিশেষভাবে সংরক্ষিত। সেখানে হামলা চালানো হলে তা জাতিসংঘের আইনের চূড়ান্ত লঙ্ঘন হবে।

বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী স্থানকে রক্ষার্থে জাতিসংঘের এক বিশেষ চুক্তিতে সংস্থাটির সব সদস্য দেশের স্বাক্ষর রয়েছে, যাদের মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও ইরানও। স্বাক্ষরিত এই বিশেষ চুক্তির শর্ত অনুযায়ী, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ বেঁধে গেলেও বিশ্ব ঐতিহ্যের ওই স্থানগুলোতে কোনো ধরনের সামরিক হামলা চালানো যাবে না।

সূত্র: বিবিসি