ঢালিউড সুপারস্টারের নয়া রূপ

নিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে পর্দা মাতিয়ে চলছেন চিত্রনায়ক শাকিব খান। এই নায়কের পথচলা একেবারে মসৃণ ছিল না। এখনো সংগ্রাম চলছে, পেরোচ্ছেন প্রতিকূলতা। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন গড়েছেন। যা এখনো চলমান। তাইতো ফের নতুন লুকে দেখা গেল তাকে।

গুণী চিত্রপরিচালক কাজী হায়াতের ৫০ তম সিনেমা ‘বীর’-এ একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে এ সুপারস্টারকে। এমনি শোনা গিয়েছিল মাস কয়েক আগে। সেসময় জানা গিয়েছিল এ ছবির জন্য কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন শাকিব খান। ওজন কমিয়েছি, চুল, দাড়ি বড় করেছেন। এবার সেই লুকের ছবিই প্রকাশ্যে এলো। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে ছবিটির জন্য শাকিবকে কতোটা কাঠ-খড় পোড়াতে হয়েছে। 

শাকিব খান আগেই জানিয়েছিলেন, ‘বীর’ মৌলিক গল্পের সিনেমা। একইসঙ্গে গল্প নির্ভর ও দেশাত্মবোধক সিনেমা। এটা দেশ, মানুষ ও রাজনীতির কথা বলবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সবসময় মানুষের কথা বলতেন। তাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বীর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে।

গেল বছরের ২ ডিসেম্বর রাজধানীর অদূরে পূবাইলে এ ছবির শুটিং শুরু হয়। সেখানে টানা কয়েক সপ্তাহ শুটিং হয়। গান আর কয়েকটি দৃশ্যধারণ করলেই ছবিটির কাজ শেষ হবে। এ ছবিতে একটি পুঁথি গান রয়েছে। গেল দুদিন সেই গানের দৃশ্যধারণ করা হয় বিএফডিসিতে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস)র ব্যানারে নির্মিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।

প্রসঙ্গত, ‘বীর’ শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা। এর আগে এসকে ফিল্মস প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ নামের দুই ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো দর্শকমহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি সুপারহিট হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।