
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
উত্তপ্ত হয়ে উঠছে ভারত শাসিত কাশ্মীর। শনিবার পৃথক কয়েকটি স্থানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে ভারতীয় সেনাসহ চারজন নিহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু -কাশ্মীরে এনকাউন্টার এবং একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রামবান জেলার বাটোতে ভারতীয় বাহিনীর গুলিতে তিন বিদ্রোহী নিহত হয়। এছাড়া ভারতীয় এক সেনা মারা যায়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় পাঁচ বিদ্রোহী একটি বাড়িতে ঢুকে সেটির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। বাড়িতে প্রবেশের আগে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত বাড়িটি বিদ্রোহীদের কাছ থেকে মুক্ত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।
অপরদিকে নিয়ন্ত্রণ রেখার কাছে গেন্ডারবলে ভারতীয় সেনাদের গুলিতে দুই থেকে তিনজন বিদ্রোহী মারা গেছে বলে জানা গেছে। এ বিষয়ে সেনাবাহিনী বা পুলিশ এখনও বিস্তারিত জানায়নি।
এছাড়া শ্রীনগরে একটি জনবহুল এলাকায় কে বা কারা গ্রেনেড ছুড়ে মারে। তবে ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় রাস্তায় খুব কম লোক ছিল। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র:- ইত্তেফাক অনলাইন।