
রুবেল হোসাইন (মিঠাপুকুর):
হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সার্বজনীন দেবী দুর্গার আগমন উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে দ্রুতগতিতে চলছে প্রস্তুতি পর্বের কাজ। যেন দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির ও আদিদেব মন্দির ছাড়াও গ্রামগঞ্জের বিভিন্ন মন্দিরে প্রতিমা ও পূজা মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। স্থায়ী পূজামণ্ডপ গুলোতে মেরামতসহ রঙের কাজ চলছে। প্রায় সব মন্দিরে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোথাও কোথাও প্রতিমায় একাধিকবার মাটির প্রলেপ দেয়া হয়েছে। ফলে, মৃৎশিল্পীদের এখন আর দম ফেলার সময় নেই।
আরও পড়ুন: রংপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত
এদিকে, প্যান্ডেল ও গেটের অবকাঠামো তৈরীতে ব্যস্ত সময় পার করছে ডেকোরেটর ব্যবসায়ীরা। পূজা প্যান্ডেল তৈরীর কাজে শ্রমিকরা সারা দিন কাজ করে যাচ্ছে।
মিঠাপুকুর উপজেলার কয়েকজন ডেকোরেটর ব্যবসায়ী জানান, এবার উপজেলায় শারদীয় দুর্গাপূজার গেট-প্যান্ডেলের কাজ করা হচ্ছে। মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত জানান, উপজেলায় এবার মোট ১‘শ ২৯ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনন্দ মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করবে হিন্দু সম্প্র্রদায়ের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
M24news/এসএস