বিশেষ বিমানে নিউইয়র্ক থেকে ১১২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৬ জুন) দেশটির নিউইয়র্ক থেকে এ যাত্রা শুরু করে।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা বিমান বন্দরে যাত্রীদের বিদায় জানান। এসময় কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯ টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি (কিউ আর ৩৩৯০) রবিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।