
অনলাইন ডেস্ক:
করোনা প্রতিরোধে মুখঢাকা ব্যবহার না করেই মঙ্গলবার অ্যারিজোনায় একটি মেডিকেল মাস্ক কারখানা পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্য দুপুরে বিমান থেকে ট্রাম্প ফোনিক্সে নামেন। এরপর স্বাস্থ্যকর্মীদের জন্য এন৯৫ ফেইস মাস্ক প্রস্তুতকারক একটি কারখানায় যান তিনি।
সুরক্ষা উপকরণের ঘাটতির মধ্যে সপ্তাহ পাঁচেক আগে তড়িঘড়ি করে ফেইস মাস্ক উৎপাদনে যায় ওই কারখানাটি। পরিদর্শনের সময় তিনি নিরাপত্তা গগলস পরলেও ফেইস মাস্ক ব্যবহার করেননি।
কিন্তু মহামারী রুখতে যে কেবল গগলসই যথেষ্ট নয় সেকথা বরাবরই বলে আসছেন স্বাস্থ্যবিদরা। ট্রাম্পের সফরের সময় কারখানার সব কর্মীর মুখেই মাস্ক ছিল।
এমনকি কারখানার বিভিন্ন জায়গায় ‘মাস্ক ছাড়া এ এলাকায় প্রবেশ করা যাবে না’ লেখা নোটিশ বোর্ডও টাঙানো ছিল।
রয়টার্সের হিসাবমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১২ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
মারা গেছে অন্তত ৭০ হাজার মানুষ। সংক্রমণ ঠেকাতে ফেডারেল সরকার মার্কিনিদেরকে সেই এপ্রিলের শুরু থেকেই মাস্ক পরার নির্দেশনা দিয়ে আসছে।
সূত্র: যুগান্তর।