
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে টান টান উত্তেজনার মধ্যদিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক লীগের ব্যানারে একটি বিশাল র্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা রাশেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জার রহমান খাঁন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিয়া, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান প্রধান, রেজাউল কবীর টুটুল, শাহ্ আনোয়ার সাদাত লেমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অপরদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নারায়গঞ্জ-ভোলায় বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে ডিসির মোড়ের অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী। বক্তব্য দেন বিএনপি নেতা সাজেদুর রহমান রানা, হাবিবুর রহমান টিটুল, মনিরুজ্জামান মিঠু, গোলাম মোস্তফা বাবু প্রমুখ।
শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে চলে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন রংপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক সময় নেতাকর্মীরা অন্য রাস্তা দিয়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে দুটি দলের পৃথক কর্মসূচী নিয়ে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওভার পাসের নিচে পুলিশের সাথে অবস্থান নেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে থানা পুলিশের ব্যাপক নিরাপত্তার কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উভয় দলের সমাবেশ সম্পন্ন হয়।
এম২৪নিউজ/আখতার