মিঠাপুকুরের ৫৪ বস্তা চাল পাচারের সময় বদরগঞ্জে আটক

স্টাফ রিপোর্টার, বদরগঞ্জ (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে বদরগঞ্জে পাচারের সময় আটক করা হয়েছে ৫৪ বস্তা চাল।

বুধবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার এলাকার বাসিন্দারা এ চাল আটক করে পুলিশে সংবাদ দেন।

ব্যাটারী চালিত তিনটি অটোরিকশায় চালগুলো বহন করা হচ্ছিল। আপাতভাবে চালগুলো সরকারি ত্রাণের বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, আটকের পর অটোর চালকরা স্বীকার করেছেন চালের বস্তাগুলো পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুরবাজার থেকে আনা হয়েছে। সেখানকার ব্যবসায়ী লিটন মিয়া বদরগঞ্জে চালের বস্তা পৌঁছে দিতে বলেছিলেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘চালের বস্তাগুলো সরকারি ত্রাণ কিংবা ভিজিএফের হতে পারে। তবে বস্তার গায়ে কোন সিলমোহর দেয়া নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মিঠাপুকুর থানাকে অবগত করা হয়েছে।’

চালকসহ অটো রিকশাগুলো থানা হেফাজতে রয়েছে। জনপ্রতিনিধির মাধ্যমে ৫৪ বস্তা চাল বাজারে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিস্টরা। পুলিশ ঘটনা যাচাইয়ের চেষ্টা করছে।

এস২৪নিউজ/আখতার।