মিঠাপুকুরে আগুনে পুড়ল কোটি টাকার রিলিফ!

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র ও গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে শতাধিক সেলাই মেশিন ও কোটি টাকার রিলিফ সামগ্রীসহ সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিঠাপুকুর উপজেলা ইউনিটের প্রধান মশিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১১টার দিকে বলদীপুকুরের ইসলামিক রিলিফ বাংলাদেশ কার্যালয়ে আগুন লাগার খবর আসে। পরে পার্শ্ববর্তী পীরগজ্ঞ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন গোডাউন ও প্রশিক্ষণ কেন্দ্রের চারদিকে ছড়িয়ে পড়ায় রংপুর থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ইসলামিক রিলিফের কর্মকর্তা সালেহ আহাম্মেদ জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের শতাধিক সেলাই মেশিনসহ কোটি টাকার মালামাল পুড়ে  গেছে। এই কেন্দ্রে দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ দেয়া হতো।

এদিকে রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকবর হোসেন জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তারা। তদন্ত শেষ না করে বিস্তারিত বলা যাবে না।

এম২৪নিউজ/আখতার