
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিজ্ঞ আদালতের নির্দেশে বসতবাড়ীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই উচ্ছেদ অভিযানে ২ পরিবারের ৯টি ঘর ভেঙ্গে দেয়া হয়।
জানা যায়, জমির মালিকানা নিয়ে মিঠাপুকুর উপজেলার তুলশীপুর গ্রামের নিরাঞ্জন-মুকুন্দ-গংদের সাথে নিতাই-দিলীপ-গংদের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। উক্ত মামলায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত চলতি বছরের ২৬ মে নিরাঞ্জন-মুকুন্দ-গংদের পক্ষে রায় প্রদান করেন।
ওই রায়ের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় মিঠাপুকুর থানা পুলিশ মঙ্গলবার বিকেলে মামলার বিবাদীপক্ষ নিতাই-দিলীপ-গংদের সেই জমিতে থাকা ৯টি ঘর ভেঙ্গে দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
মামলার বাদী পক্ষের নিরাঞ্জন বর্মন বলেন, ইতিপুর্বে এই জমি আমাদের ছিল। ২০১৮সালে বিজ্ঞ আদালত নিতাই-দিলীপ-গংদের পক্ষে রায় দিয়ে আমাদেরকে উচ্ছেদ করেছিল। আমরা পুনরায় মামলা করি। বিজ্ঞ আদালত চলতি বছরের ২৬ মে এই রায় এবং বিবাদী নিতাই-দিলীপ-গংদের উচ্ছেদের ডিক্রী দেন। পুলিশ ওই ডিক্রীর আদেশ মোতাবেক বিবাদীদের উচ্ছেদ করে আমাদেরকে জমির দখল বুঝিয়ে দিয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।
বিবাদীপক্ষের দিলীপ বর্মন বলেন, এই রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা রায় ও ডিক্রীর বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো। এসময় তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনার পর আমাদের প্রতিপক্ষরা অন্যায়ভাবে আমাদের অন্যান্য ঘরবাড়ী ভাংচুর ও লন্ঠন করেছে। আমরা সেজন্যও মামলা করবো।
এম২৪নিউজ/আখতার