মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে হাঁড়িভাঙা আমের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে হাঁড়িভাঙা আম ও ভূট্টাসহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্নস্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো উপজেলা। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ে অসংখ্য বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। ‘হাঁড়িভাঙা’ আম বাগানের ব্যাপক ক্ষতি হয়ছে। প্রায় এক লাখ মন আম ঝরে পড়েছে বলে কৃষি বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে।

উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া বাবুরহাট গ্রামের মাহিদুল ইসলাম আউলিয়া এ মৌসুমে আড়াই একর জমিতে ভূট্টা চাষ করেছিলেন। তিনি বলেন, কালবৈশাখীর ঝড়ে বেশিরভাগ ক্ষেত নষ্ট হয়েছে।’ বাতাসের তান্ডবে ভূট্টাগাছ গুলো মাটিতে লুটিয়ে পড়েছে।

খোড়াগাছ ইউনিয়নের আখিরাহাট এলাকার বারঘরিয়া সর্দারপাড়া গ্রামের আমবাগান মালিক আবদুস সালাম সরকার বলেন, আমার ১৪ একর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে। কালবৈশবখী ঝড়ে এক তৃতীয়াংশ গাছের আম ঝরে পড়েছে।’

উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, উপজেলায় এক হাজার একশ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আম বাগান রয়েছে। প্রায় ১৪ লাখ মন আম উৎপাদন হওয়ার আশা করা হচ্ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে লক্ষ অর্জন সম্ভব হবেনা।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান বলেন, ‘৩টি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে, আজ (বুধবার) সকাল সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

এম২৪নিউজ/আখতার।