মিঠাপুকুরে গুলসান হত্যা মামলার প্রধান আসামীর আত্মসমর্পন

স্টাফ ‍রিপোর্টার:

মিঠাপুকুরে গুলশান হত্যা মামলার প্রধান আসামী হারুন মিয়া (৩৮) পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে হারুন নিজে মিঠাপুকুর থানায় এসে আত্মসমর্পন করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, গত ১২ অক্টোবর রাত দেড়টার দিকে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে বাতাসন দুর্গাপুর গ্রামে ভাড়া বাসায় ফিরছিলেন গুলশান। পথিমধ্যে বাতাসন দুর্গাপুর গ্রামে ব্র্যাক অফিসের কাছে পৌঁছলে মোটরসাইকেল যোগে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত গুলসান রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর মমিনপুর গ্রামের আব্দুল হক ওরফে শহিদুল হকের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে হারুনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন দুপুরে নিহতের স্ত্রী সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য রমেক হাসপাতাল থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে রেকর্ড করেছে পুলিশ।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, নিহতের স্ত্রী সেলিনা বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে রেকর্ড করেছে। মামলার প্রধান আসামী হারুন মিয়া থানায় এসে আত্মসমর্পন করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার