
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে পারিবারিক কলহের জের ধরে অভিমানে সাগরিকা রানী (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শবিবার বিকেলে উপজেলার শঠিবাড়ী হরিপুর শাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত সাগরিকা ওই গ্রামের জগদীশ চন্দ্র বর্মনের ছেলে সাগর চন্দ্র বর্মনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর খানেক আগে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ভাদুড়া ঘাট এলাকার মুনু বর্মনের মেয়ে সাগরিকা রানীকে প্রেম করে বিয়ে করেন সাগর চন্দ্র বর্মন। সাগর চন্দ্র বেকার থাকায় দু’জনের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়িতে কেউ না থাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ সাগরিকা। পরে টের পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে সাগরিকা রানীকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
M24news/এসএ