
নিউজ ডেস্ক:
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভাংনী ইউনিয়নের রাধানগর গ্রামের সুলতানের ছেলে হাবিবুর রহমান শাওন(২০), আনোয়ারুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২০) ও জামালপুর গ্রামের বাসিন্দা সোহেল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়নে হুলাশুগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার সময় হাবিবুর রহমান শাওন ও রাকিবুল ইসলামকে আটক করা হয়।
অপরদিকে জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জনৈক আশিকুর রহমানে পরিবর্তে ভোট দিতে আসেন সোহেল। পরে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ।
স্থানীয় নির্বাচন অফিস সূত্র জানায়, সপ্তম ধাপের নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে ১৭২টি কেন্দ্রের এক হাজার ২০৭ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নে ৮ জন রিটার্নিং কর্মকর্তার অধীনে তিন হাজার ৭৯৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলায় ভোটার সংখ্যা চার লাখ ১৮ হাজার ৯৪১ জন।
মিঠাপুকুর উপজেলায় ১৭টি ইউনিয়নের ২২১টি পদে মোট ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন ও সাধারণ সদস্য পদে ৭৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম২৪নিউজ/আখতার