
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে করোনা ঝুঁকি বাড়াচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা মানুষ। রংপুর জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন। আক্রান্ত ওই স্কুলছাত্রের বাড়ি মিঠাপুকুরে।
এ কারণে উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে আবার সংক্রমিত জেলা থেকে আসা লোকজন গ্রামে অবাধে ঘোরাফেরা করছে। এর প্রতিবাদ করায় কোনো কোনো এলাকায় হামলার ঘটনাও ঘটছে বলে জানা গেছে।
মিঠাপুকুর উপজেলায় ছয় লাখেরও বেশি মানুষের বসবাস। এর মধ্যে প্রায় এক লাখ কর্মজীবী মানুষ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় গার্মেন্ট ও অন্যান্য কারখানায় কাজ করে।
রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এসব জেলা থেকে অন্য জেলায় যাতায়াত নিষিদ্ধ করা হলেও মিঠাপুকুরের শ্রমজীবীরা নানা উপায়ে বাড়ি ফিরছে।
সরকারি নির্দেশনা থাকলেও তারা বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইন মানছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।
মিঠাপুকুর ইউএনও মামুন ভূঁইয়া বলেন, অন্য জেলাফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সূত্র: সমকাল।