বদরগঞ্জে এক ভুয়া ডিবি আটক

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে সিধুরাম নামে এক ভুয়া ডিবি আটক হয়েছে। তিনি রংপুর কোতয়ালী থানার ফকিরান এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে। 

১১ এপ্রিল মধ্যরাতে উপজেলার রামনাথপুর ইউপির দক্ষিণ মুকসুদপুর এলাকার বটপাড়ায় ঘোরাঘুরি করার সময় স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা তাকে আটক করে। তবে তার সঙ্গে থাকা জয় নামে এক যুবক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

তিনি রংপুর কোতয়ালী থানা এলাকার বাইসারপাড় এলাকার দোলাপাড়ার খলিল মেম্বারের ছেলে। এ ঘটনায় রামনাথপুর ইউপি মেম্বার রেজাউল ইসলাম মোস্তফা বাদি হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলায় বলা হয়েছে- ওইদিন তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওই এলাকায় গিয়ে জুয়াড়িদের বিষয়ে জানতে চান। এর পাশাপাশি তারা জানান- ওইসব জুয়াড়িদের গ্রেফতার করতেই মূলতঃ তারা অভিযানে নেমেছেন। এতে ওই ইউপি মেম্বারসহ গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সন্দেহ দেখা দেয়ায় তারা বদরগঞ্জ থানায় যোগাযোগ করেন।

খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সিধুরামকে আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় সঙ্গে থাকা জয়। পরে তার কাছ থেকে একটি মটরবাইক, মেশিন টুলস, হাতকড়া, চেইন স্টিকস, মোবাইল ফোনসেট উদ্ধার করে পুলিশ।

বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জয়কে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।