
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে রাশেদ মিয়া (১৭) নামে এক হেলপার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় হেনা মেমোরিয়াল কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত পাওয়ার টিলারের হেলপার রাশেদ মিয়া বড় হযরতপুর ইউনিয়নের চিথলি পুর্বপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের হেলপার মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রাইভারসহ পাওয়ার টিলারে থাকা আরো দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পলাতক রয়েছে।
এম২৪নিউজ/আখতার