
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন এক নাতির হাতে সকিনা বেগম (১০৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনার পর শুক্রবার সন্ধায় অভিযুক্ত নাতি মাসুদ রানাকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এরআগে ওই দিন সকালে উপজেলার বালারহাট ইউনিয়নের ক্ষুদ্র শেরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সকিনা একই গ্রামে পাগল নাতিকে নিয়ে বসবাস করতেন ।
মিঠাপুকুর থানার এসআই টঙ্কো ব্যানার্জী জানান, হতদরিদ্র পরিবারের ছেলে মাসুদ রানা তার নানীর বাড়িতে থেকে বড় হয়েছেন এবং তার মানসিক সমস্যাও রয়েছে। রাতে তিনি নানির ঘরেই থাকেন। শুক্রবার সকাল ৮ টার দিকে কোনো কারণে ক্ষিপ্ত হয়ে মাসুদ বটি দিয়ে তার নানির গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়ার পর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যথারীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার