মিঠাপুকুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংক প্রনিনিধি দল। শুক্রবার উপজেলা কৃষি অফিসে স্থাপনকৃত কিয়স্ক মেশিন, ইউনিয়ন পরিষদে রেইন গেজ (বৃষ্টিমাপক যন্ত্র) এবং এগ্রোমেট ওয়েদার ডিসপ্লে বোর্ড সরেজমিনে পরিদর্শন শেষে বিকেলে পায়রাবন্দে কৃষকদের সাথে এক মত বিনিময় সভায় তারা অংশ নেন।

মতবিনিময় সভায় চুহড় গ্রামের কৃষক মোহাম্মদ আলী দুলাল, জয়রামপুর গ্রামের কৃষক আজিজার রহমান, কৃষাণী রাশেদা বেগম, ইসলামপুর গ্রামের কৃষাণী সূর্য বেগম বলেন যে, বর্তমানে কৃষি আবহাওয়ার তথ্য প্রতিনিয়ত জানা জরুরী। এ তথ্য আমরা যত বেশি এবং যত দ্রুত পাবো তত বেশি আমারা লাভবান হবো। আমাদের ফসলের ক্ষতি কম হবে। বর্তমানে আমরা ইউনিয়ন পরিষদে আবহাওয়া সংক্রান্ত তথ্য বোর্ড থেকে আগাম পূর্বাভাস ও কৃষি বিষয়ে করনীয় জানতে পেরে উপকৃত হচ্ছি।

পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন বলেন, সরকারের এ উদ্যোগ যুগোপযোগী ও প্রশংসার দাবিদার। সভায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ড. মোঃ মাঝহারুল আজিজ প্রকল্পের নানাদিক নিয়ে ব্যপক আলোচনা করেন।

মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, বর্তমানে আমরা এই প্রকল্পের মাধ্যমে জেলা ভিত্তিক কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি পেয়ে থাকি। এসকল তথ্য উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে কৃষকদের নিকট সরবরাহ করা হয়। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি। ভবিষ্যতে এ সকল তথ্য উপজেলা ভিত্তিক কিংবা আরো সুনির্দিষ্ট করে ইউনিয়ন ভিত্তিক সরবরাহ করলে মিঠাপুকুর উপজেলার কৃষক/কৃষাণীগন আরো বেশি উপকৃত হবেন। দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন বলে জানান তিনি।

প্রসঙ্গত. মিঠাপুকুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথা বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, ঝড়, খরা, বন্যা ইত্যাদি তথ্যাদি কৃষকদের দোড়গোড়ায় পৌছানোর লক্ষে উপজেলা কৃষি অফিসে কিয়স্ক মেশিন, ইউনিয়ন পরিষদে রেইন গেজ এবং এগ্রোমেট ওয়েদার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কিয়স্ক মেশিনের সাহায্যে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি যেমন, আবহাওয়ার পূর্বাভাস, বর্তমান অবস্থায় মাঠ ফসলে করনীয় ইত্যাদি বিষয়ে বুলেটিন আকারে কৃষি বিষয়ক পরামর্শ কৃষকদের নিকট সরবরাহ করা হচ্ছে।