
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ‘”আমার বাড়ী, আমার খামার” প্রকল্পের আওতাভুক্ত ১০টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির ৪০০ সদস্য দীর্ঘদিন হতে ঋন সহায়তা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি মানবিক আবেদন করেছেন তারা।
ভুক্তভোগীদের সুত্রে জানা যায়, ইতিপুর্বে সমবায় বিভাগের মাধ্যমে আমার বাড়ী আমার খামার প্রকল্পের আওতাভুক্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ১০টি শাখার ৪০০ সদস্যের ঋন কার্যক্রম পরিচালিত হতো। যা দ্বারা ওই সদস্যরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাসহ কৃষি মৎস্য ও কুটির শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গত ১জুলাই’২১ ওই কার্যক্রম পল্লী সঞ্চয় ব্যাংকে স্থান্তরিত হওয়ার পর থেকে তারা কোন ঋন সহায়তা পাচ্ছেন না। ফলে তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেমে যাবার উপক্রম হয়েছে।
ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির সংগঠন জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর মিঠাপুকুর উপজেলার সভাপতি সুভাষ চন্দ্র উড়াও বলেন, তাদের সংগঠনের ৪০০ সদস্য সবাই কর্ম-বান্ধব। তারা সকলেই প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করেন।
তিনি আরও বলেন, নানা ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাবসাসহ কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে এবং কুটির শিল্পের বিভিন্ন দ্রবাদি তৈরী করে পরিবারের অন্ন যোগান। তারা ভোগ বিলাসে বিশ্বাসী নয়, তারা খেটে খাওয়া মানুষ। এমনিতেই বৈশ্বিক করোনার ধকল, তার উপরন্ত দীর্ঘদিন তাদের ঋন কার্যক্রম না থাকায় তারা দিশেহারা হয়ে জেলা প্রশাসক ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।
এম২৪নিউজ/আখতার