
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও বাড়ির লোকজনকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে, নারীসহ ৪জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন মারপিটের শিকার এক নারী।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী রামরাপুরা গ্রামের বাসিন্দা আঙ্গুরী বেগম নামে এক বৃদ্ধাকে সম্প্রতি বাড়ি থেকে তাড়িয়ে দেন তারই ছেলে মনিরুজ্জামান প্রামাণিক মুকুলসহ অন্যরা। এরপর পাশের বাড়ির গৃহিনী ছাবিহা বেগম চামেলী ওই বৃদ্ধাকে থাকার জায়গা এবং খাবার দিচ্ছিলেন। এতে তাঁর ছেলেরা প্রতিবেশির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত শুক্রবার সকালে মুকুলের নেতৃত্বে ৫-৭ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গৃহিনী ছাবিহা বেগমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় হামলাকারীরা বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করে। এতে, ছাবিহা বেগম ও তার ছেলে হৃদয় বাবু, প্রতিবেশি আনজুমান আরা বেগম, তার স্বামী মাহে আলম প্রামাণিক গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনজুমান আরা বেগম মিঠাপুকুর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।
তিনি বলেন, ‘একজন বৃদ্ধা মাকে আশ্রয় দিয়ে খাবার দেওয়া যদি অপরাধ হয়, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে?’
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্খা গ্রহন করা হবে।’
এম২৪নিউজ/আখতার