মিঠাপুকুরে পৃথক ঘটনায় ৫ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার,  মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে পৃথক ঘটনায় ৩ কিশোর ২ যুবকসহ ৫ জন অটো ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৮জুন) উপেজেলা সদর ও রাণীপুকুর এরশাদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ছিনতাইকারীরা হলেন- মিঠাপুকুর থানা এলাকার হাড়ড়পাড়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে রুবেল ইসলাম (১৫), তিলকপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোশরেফুল মুরাদ (১৫), আবিরের পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে বাবু মিয়া (২১) আরপিএমপি রংপুরের মোহরপুর মধ্যপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে জাকির হোসেন (২৭) ও পশুরাম থানা এলাকার ধাপ পশুরামের আনোয়ার হোসেনের ছেলে মিলন মিয়া (১৪)।

ভুক্তভোগী, এলাকাবাসী ও থানাসুত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে মিঠাপুকুর বাসষ্ট্যান্ডে রুবেল ইসলাম, মোশরেফুল মুরাদ ও বাবু মিয়া মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজারে যাওয়ার কথা বলে একই উপজেলার চিথলী দক্ষিনপাড়া গ্রামের মোকছেদ মিয়ার ছেলে বাবু মিয়ার চার্জারঅটো ভাড়া করে। পথিমধ্যে শাল্টিগোপালপুর এলাকার একটি ফাঁকা জায়গায় ছিনতাইকারীরা অটোচালক বাবু মিয়াকে চাকুর মুখে জিম্মি করে অটোর পিছনের সিটে বসিয়ে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ছড়ান বাজারে নিয়ে যায়। এসময় অটোচালক বাবু মিয়া সুযোগ বুঝে চিৎকার করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের হাতেনাতে ১টি চাকুসহ আটক করে পুলিশে দেয়।

এদিকে, অপর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এরশাদ মোড়ে। জাকির হোসেন ও মিলন মিয়া নামের ২ছিনতাইকারী একই দিন রাত ১২ টার দিকে রাণীপুকুর এরশাদ মোড়ে মিঠাপুকুর উপজেলার রুপসী বাশটারী গ্রামের আঃ রহিমের ছেলে রুবেল মিয়ার চার্জারঅটো সদ্যপুষ্করনি যাতায়াত করার কথা বলে ভাড়া করে। সদ্যপুষ্করনি যাওয়ার পর ছিনতাইকারীরা অটোচালক রুবেল মিয়াকে চেতনানাশক পানীয় খাওয়ায়ে তাকে অসুস্থ করে আটোর পিছনে বসিয়ে বিভিন্নজায়গা ঘুরে পুনরায় রাত ১১টায় রাণীপুকুর এরশাদ মোড়ে পৌছিলে অটোচালক রুবেল মিয়া চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে পুলিশে দেয়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, উভয় ঘটনায় পৃথক পৃথক মামলা হযেছে। ধৃত ছিনতাইকারীদের মধ্যে ২/১জন পেশাদার ছিনতাইকারী। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার সাথে আরো কেহ জড়িত থাকলে তা অনুসন্ধান করা হবে।

এম২৪নিউজ/আখতার।