
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে সপ্তম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী।
এদিকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে এক ইউপি সদস্য প্রার্থীকে জেতাতে মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের গোপন চুক্তির অডিও ফাঁস হয়েছে। টাকা-পয়সা লেনদেন এবং লক্ষ্য বাস্তবায়নে পুরো পরিকল্পনার অডিও ক্লিপ এসেছে মিঠাপুকুর২৪নিউজের হাতে।
ওই অডিও ক্লিপের কথোপকথনে শোনা যায়, রফিকুল ইসলাম নামে এক প্রার্থীকে জয়ী করতে ভোটকেন্দ্র থেকে প্রতিপক্ষের লোকজনকে বের করে দেওয়া এবং ভোটের আগেই অন্তত ৩শ’ ব্যালট পেপার সরবরাহের চুক্তি করেছেন ওই নির্বাচন কর্মকর্তা।
রফিকুল ইসলাম নামে ওই ব্যাক্তি উপজেলার বালারহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গোপন চুক্তির বিষয়টি প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করলেও পুরো ঘটনা স্বীকার করেন। এলাকার একজন শিক্ষকের মাধ্যমে দুই দফায় নির্বাচন কর্মকর্তাকে সাড়ে ৪ লাখ টাকা প্রদানের কথা স্বীকার করেন তিনি।
তবে অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের কার্যালয়ে গিয়ে দেখা পাওয়া যায়নি। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিন জানান, এসব শোনার সময় নাই। অডিও ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম সাহাতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে পুরো ঘটনাটি যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। তথ্যসূত্র: সময় সংবাদ
এম২৪নিউজ/আখতার