
নিউজ ডেস্ক:
রংপুরে জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহের দায়ে ইদ্রিস আলী (৪৪) নামে এক ব্যক্তির তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি) বিকালে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় প্রদান করেন। এসময় আদালতে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। আসামি ইদ্রিস আলী রংপুর জেলার কাউনিয়া উপজেলার পূর্বচান্দঘাট ইন্দিরাপাড়া গ্রামের তাজিম উদ্দিন ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৭ আগস্ট কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ নামক স্থানে জনৈক মমিনুলের দোকানে চা নাস্তা খেয়ে ইদ্রিস আলী একটি এক হাজার টাকার নোট দোকানীকে দেন। নোটটি জাল সন্দেহ হওয়ায় চা দোকানী আশে পাশের লোকজনের সহায়তায় তাকে আটকে রেখে কাউনিয়া থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে আসামি ইদ্রিস আলীর শরীর তল্লাশি করে আরেও দুটি এক হাজার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় চা দোকানী মমিনুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। রায় ঘোষণার আগে থেকে আসামি পলাতক থাকায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেফতার হবার দিন থেকে রায় কার্যকর হবে বলে জানান,সরকারের পক্ষে মামলা পরিচালনা করা অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি। বার্তা২৪
এম২৪নিউজ/আখতার