
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলা দূর্গাপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪৬ বোতল ফেন্সিডিল ও ১৮০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত. মহির উদ্দিন মন্ডলের ছেলে চিহ্নিত মাদক কারবারি গোলাম মাওলা, একই গ্রামের সাজু মিয়ার ছেলে রিয়াদ মন্ডল ও পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে হারুন-অর-রশিদ (৪৫)।
র্যাব- ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ তারা রংপুর এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের ধলারপাড় গ্রামের মাদক কারবারি গোলাম মাওলার বাড়িতে অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার