মিঠাপুকুরে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বাস চাপায় মিজানুর রহমান (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর আল্পনা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দক্ষিণ গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ঢাকায় বিল্ডিং নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

প্রদক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, শ্রমিক মিজানুর রহমান কুড়িগ্রাম থেকে একটি বাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকার বাস থেকে মিঠাপুকুরের আল্পনা ফিলিং স্টেশনের কাছে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় রংপুর থেকে ছেড়ে আসা এসকে পরিবহন নামে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় জনতা।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি থানা হেফাজতে নেয় পুলিশ। তবে নিহত মিজানুর মিঠাপুকুরে কেন বাস থেকে নেমে গিয়েছিলেন তার কারণ জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন বাস ভাড়া নিয়ে মতপার্থক্যের কারনে তিনি নামতে পারেন।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার মামলা না করায় জিডি মূলে লাশ হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply