
মো: শামীম আখতার||
রংপুরের মিঠাপুকুরে প্রথম পর্যায়ে ১৯৭ টি ও দ্বিতীয় পর্যায়ে ১২৬ টি পরিবারের পর নতুন করে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ঘর পেলো আরো ২০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতে করে তিন বারে মাথা গোঁজার ঠাঁই পেলো ৫২৩ টি অসহায় পরিবার।
মিঠাপুকুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে এরই মধ্যে তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই এসব পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘরের চাবি বুঝিয়ে দেয়ার লক্ষে গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেশব্যাপী প্রায় ৪ লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে ২০০ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ খাস জমিতে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে স্থায়ীত্ব ও টেকসই করার লক্ষ্যে নতুন ডিজাইনে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
এবার রাণীপুকুর ইউনিয়নে ১৫০ টি ও লতিবপুর ইউনিয়নে ৫০ টি ঘর নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে এসব ঘরের উপকারভোগীদের নির্বাচন সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। যাদের নির্বাচন করা হয়েছে সেসব পরিবারের মুখে হাঁসি ফুটেছে। তাদের মতে যাদের নুন আন্তে পান্তা ফুরায় তাদের ভাগ্যে বিল্ডিং ঘরে থাকার সৌভাগ্য হবে সেটা কখনো কল্পনায় ছিল না।
উপজেলা নির্বাহী অফিসার সার্বিকভাবে ঘর নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রতিনিয়ত দেখভাল করেন এবং তার নেতৃত্বেই বেছে বেছে ছিন্নমূল পরিবারকেই জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদ উল-ফিতরের আগেই উপহার হিসেবে ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়ার লক্ষে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আনুষ্ঠানিকভাবে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচীর আওতায় এ উপজেলায় ২’শ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ করা হয়। এরমধ্যে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ন প্রকল্পে ১৫০ ও লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ইদুলপুরে ৫০ জন ভূমিহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর।
তিনি আরো বলেন, প্রতিটি বাড়িতে দুইটি রুম, রান্নাঘর, বারান্দা ও বাথরুম রয়েছে। প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই করে তাদেরকেই বাড়িগুলো দেওয়া হচ্ছে এবং আরো ১’শ বাড়ীর বরাদ্দ পাওয়া গেছে। যা খুব দ্রুত সময়ের মধ্যেই বিতরন করা হবে বলে জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।
এম২৪নিউজ/আখতার