
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্যের অপব্যবহারোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অংশ নেওয়া সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বলেন, ‘মাদকসেবি ও কারবারিদের তালিকা তৈরী করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্বল আইনের কারণে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যাচ্ছেনা। গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, ওসি মোস্তাফিজার রহমান।
মাদক প্রতিরোধ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান, আওয়ামী লীগের নেতা মেসবাহুর রহমান প্রধান, অধ্যক্ষ জাহিদুর রহমান, মাদ্রাসার শিক্ষক আজিজার রহমান, পুলিশের এসআই আশিষ কুমার শীল, ইমাম আখেরুজ্জামান আজাদী, ইউপি সচিব আইয়ুব আলী প্রমুখ।
এম২৪নিউজ/আখতার