
স্টাফ রিপোর্টার ||
রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। পরে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও এইচএন আশিকুর রহমান এমপি’র ছেলে রাশেক রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহুর রহমান (মঞ্জু),ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবীর টুটুল,আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত লিমন ও যুবলীগ নেতা মোন্নাফ হোসেন প্রমুখ। এ সময় উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের আয়োজনে বেগম রোকেয়া অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন,আওয়ামী নেতা আকতার হোসেন ও প্রভাষক মাহাবুব হোসেন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার