
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জ থেকে তিনদিন আগে নিখোঁজ হওয়া রিতুমনি নামে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেলে যমুনেশ্বরী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রিতুমনি বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানায়, গত শুক্রবার বদরগঞ্জ ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে রিতুমনি নিখোঁজ হয়। ওইদিন আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও কোন সন্ধান পাওয়ায় পরেরদিন তার মা বদরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
এদিকে, সোমবার বিকেলে যমুনেশ্বরী নদী দিয়ে একটি শিশুর লাশ ভেসে যাওয়ার সময় মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের বৈরাগীরকুঠি এলাকার মানুষ পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুুলিশ।
পরে জানা যায়. উদ্ধার হওয়া লাশটি বদরগঞ্জ থেকে নিখোঁজ হওয়া শিশু রিতুমনির।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।