
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে ট্রাকে থাকা গামেন্টস কর্মী এক নারী যাত্রীকে র্যাব পরিচয়ে অপহরন করে ধর্ষন চেষ্টায় সহযোগীতা করার অভিযোগে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ট্রাক চালককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আটক মনোয়ার হোসেন উপজেলার নিঝাল গ্রামের শওকত মিয়ার ছেলে। এলাকাবাসী আটক ট্রাক চালককে থানায় সোপর্দ করেছে।
শুক্রবার (৮মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার জায়গীর-রাণীপুকুর সড়কের স্বপনমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ট্রাকে থানা যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে ৮/৯ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে আসছিলেন। মাঝপথে ২-৩ জন যাত্রী তাদের গন্তব্যস্থল বগুড়ায় নেমে যায়। ১জন নারীসহ বাকি ৫ যাত্রী নিয়ে ওই ট্রাকটি বগুড়া থেকে রংপুর আসছিল।
ট্রাকের যাত্রী আশিকুর, মোন্নাত আলী, সাইদুল ইসলাম ও আশিক জানায়, রাত আনুমানিক ১১ টায় ট্রাকটি জায়গীর বাসষ্টান্ডে আসার পর চালক হঠাৎ করে ট্রাকটি মহাসড়ক হতে পশ্চিম দিকে রানীপুকুর রোডে মোড় নিয়ে যেতে থাকে। ট্রাকে থাকা যাত্রীরা ট্রাকটিকে রাস্তা ভুল হয়েছে বলে থামাতে বললেও চালক কোন কর্ণপাত না করে ট্রাকটি দ্রুত গতিতে চালাতে থাকে।
কিছুদূর যাওয়ার পরে স্বপন মোড়ের কাছাকাছি ‘নাউয়ার মাল্লি’ নামক নির্জন জায়গায় ট্রাকটি থামালে সেখানে ৩টি মোটরসাইকেল যোগে ৪ জন চলে আসে। তাদের মধ্যে ১জন ট্রাকের যাত্রী ২১ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীকে টেনে হেঁচড়ে অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী একটি মাঠের দিকে চলে যায়। এসময় ট্রাকের অন্য যাত্রীরা বাধা দেয়ার চেষ্টা করেলে অপহরণকারীরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে যাত্রীদের গুলি করার ভয় দেয়ায়।
এসময় চালক ট্রাকটি আবারও ঘুরে নিয়ে জায়গীর বাসষ্টান্ডের দিকে যাওয়ার সময় ট্রাকের যাত্রীদের চিৎকারে স্থানীয় জনতা চালকসহ ট্রাকটিকে আটক করে। স্থানীয়রা ট্রাকের যাত্রীদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পেরে ট্রাক চালককে চাপ সৃষ্টি করলে সে মোবাইল ফোনে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে। অপহরণকারীরা অবস্থা বেগতিক বুঝতে পেরে ওই নারীকে ছেড়ে দিয়ে তড়িঘড়ি করে পালিয়ে যায়। ওই নারী রাতের আঁধারে ঘটনাস্থলের পাশে পাইকান গ্রামে এক বাড়িতে আশ্রয় নেয়।
এরই মধ্যে আটক থাকা ট্রাক চালককে অপহরণকারীরা ওই নারীকে ছেড়ে দিয়েছে বলে জানালে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগীতায় ওই নারীকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করলে রাতেই ওই নারীসহ চালক মনোয়ার হোসেনকে ট্রাকসহ আটক করে থানায় নিয়ে যায়।
অপহরণকারীর হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গার্মেন্টস কর্মী ওই নারী জানায়, ট্রাক চালকের সহযোগিতায় ৪জন ব্যক্তি তাকে অপহরণ করে পাশে থাকা একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় সে ৬মাষের অন্তরস্বত্তা বলে তাদেরকে মিনতি করতে থাকলে এবং ওই সময় একটি ফোন পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, পুলিশ পাঠিয়ে ট্রাক চালককে আটক করাসহ ওই নারী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক থানায় আটক আছে। ভোক্তভোগী ওই নারীকে তার স্বজনের হেফাজতে দিয়ে যোগাযোগ করলে থানায় আসতে বলা হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন অপহরণকারীরা কারা ছিল আটক ট্রাক চালক জানেন। এমতাবস্থায় বিষয়টির সঠিক তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে অপরাধীরা অধরাধী থেকে যাবে এবং ভবিষ্যতে আবারো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে বলে অনেকেই মনে করছেন।
এম২৪নিউজ/আখতার।