মিঠাপুকুরে জমজমাট জুয়ার আসর, চলছে ফেন্সিডিল-গাঁজা ও ইয়াবার বেচা-কেনা (ভিডিওসহ)

নিরব ভূমিকায় প্রশাসন –

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

করোনার মোকাবেলায় সবাই যখন ঘরে ঠিক তখনই একটি চক্র আসর বসিয়ে জমজমাট ভাবে জুয়া খেলা চালু করেছেন। সেখানে দেদারচে চলছে ফেন্সিডিল-গাঁজা ও ইয়াবার বেনা-কেনা। একদিকে বাড়ছে করোনার ঝুঁকি, অন্যদিকে এলাকায় বেড়ে গেছে চুরি ও ডাকাতির মত ঘটনা।

উপজেলার কয়েকটি স্থানে জুয়ার আসর বসলেও ময়েনপুর ইউনিয়নের এ খেলা প্রচলন সবচেয়ে বেশি। এরমধ্যে শুকুরেরহাট গ্যানারপাড়া গ্রামে কয়েকজন স্থানীয় প্রভাবশালী জুয়ার আসর চালিয়ে আসছে কয়েকমাস ধরে। দিন-রাত জুয়া খেলা বসলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট গ্যানারপাড়া গ্রামে জাহিদ হাসান খোকন ও তাঁর কয়েকজন জুয়ারি মিলে একটি জুয়ার খেলার আসর বসিয়েছেন। প্রতিদিন দুপুর হতে সন্ধ্যা ও রাত ১০ টা হতে সারারাত চলছে এই জুয়ার আসর। প্রকাশ্যে এই আসর চললেও স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পান না। প্রশাসন ওই আসর হতে নিয়মিত চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, খেলা পরিচালনাকারী জাহিদ হাসান খোকন এলাকা প্রভাবশালী। সেই নিয়মিত ভাবে জুয়া খেলার আয়োজন করছে। প্রশাসনও নিয়মিত এসে টাকা নিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসীরা অসহায়।

সরেজমিনে শুকুরেরহাট গ্যানারপাড়া গ্রামে জুয়ার আসরে গিয়ে দেখা গেছে, একটি নালার পাড়ে বসছে এই আসর। দুর-দুরান্ত হতে মানুষজন আসছেন জুয়া খেলতে। স্থানীয় আয়োজকেরা মোবাইল ফোনের মাধ্যমে খেলোয়ারদের ডেকে নিয়ে আসেন। সেখানে জুয়া খেলার পাশাপাশি চলছে মাদক কেনা-বেচা ও সেবন। হাত বাড়ালেই ইয়ারা, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: মিঠাপুকুরে র‌্যাব পরিচয়ে যাত্রীকে ধর্ষনের চেষ্টা, ট্রাকচালক আটক

জুয়া আসরের মুল আয়োজক জাহিদ হাসান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনার কারণে সাবাই বাড়িতে বসে আছে। অবসর সময় কাটানোর জন্য খেলার আয়োজন করা হচ্ছে। অনেক মানুষজন এসে খেলায় অংশ গ্রহন করছে। এই আসরের টাকা প্রশাসন ও স্থানীয়দের পকেটে যাচ্ছে বলে জানান তিনি।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এম২৪নিউজ/আখতার।