
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সেই মাংস দিয়ে শঠিবাড়ী এলাকার ঢাকা বিরিয়ানি হাউজ নামে একটি হোটেলে রান্নার অভিযোগ করেছে এলাকাবাসি। অবশিষ্ট মাংসগুলো গ্রামবাসীর মধ্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতের এ ঘটনা পরদিন শুক্রবার জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দূর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী বটেরচড়া গ্রামে সাইদুর রহমানের দু’টি গরুতে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়। এরমধ্যে একটি গরু বাজারে বিক্রি করেছেন তিনি। বেশি আক্রান্ত গরুটি তিনি বৃহস্পতিবার রাতে বাড়িতে জবাই করেন। কিছু মাংস গ্রামবাসীর মাঝে ৫শ টাকা কেজি দরে বিক্রি করেন। পরে মাংসের বেশিভাগ অংশ শঠিবাড়ী ঢাকা বিরিয়ানি হাউজে দিয়ে দেন। পরে সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।
খামারি সাইদুর রহমান বলেন, আমার দুটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল। একটি গরু বাজারে বিক্রি করেছি। আরেকটি গরু জবাই করে গ্রামবাসী ও ঢাকা বিরিয়ানি হাউজে বিক্রি করেছি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, ৫শ টাকা কেজি দরে মাংস কিনেছি। কমদামে পাওয়ায় প্রায় সকলেই মাংসগুলো কিনেছেন।
শঠিবাড়ী বাজার এলাকার কয়েকজন হোটেল ব্যবসায়ি বলেন, প্রায় ৩০ কেজি মাংস নিয়ে একজন এসেছিল। আমরা মাংসগুলো নেইনি। শুনেছি পরে সেই মাংসগুলো ঢাকা বিরিয়ানি নামে একটি হোটেলে বিক্রি করেছেন ওই খামারি।
ঢাকা বিরিয়ানি হাউজের মালিক সাইফুল ইসলাম বলেন, প্রথমে মাংসগুলো হোটেলের একজন কর্মচারী নিয়েছিলেন। পরে জানাজানি হলে মাংসগুলো ফেরৎ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল হক বলেন, লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর মাংস খাওয়া ঠিক নয়। কারণ রোগটি মাংসের মাধ্যমে মানুষের শরিরে প্রবেশ করতে পারে। এই রোগে আক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রির বিষয়টি জানিনা। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এম২৪নিউজ/আখতার