রংপুর জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদে মিঠাপুকুরের সম্রাট মামুন পাশা বিজয়ী

স্টাফ রিপোর্টার:

রংপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২-এ ৭ নং ওয়ার্ড (মিঠাপুকুর উপজেলা) আসনে সদস্য পদে সম্প্রাট মামুন পাশা বিজয়ী হয়েছেন। তালা প্রতীকে তিনি পেয়েছেন ১২৯টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আলহাজ্ব রবিউল ইসলাম প্রামানিক উটপাখি প্রতীকে পেয়েছেন ৮৩ ভোট।

রংপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী মিঠাপুকুরের সম্রাট মামুন পাশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। -M24News

আজ সোমবার (১৭ অক্টোবর) মিঠাপুকুর মহাবিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের জন্য পৃথক দুইটি কক্ষে (বুথ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার ২২৪ জন। এরমধ্যে একজন ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য মারা যাওয়ায় ২২৩ জন ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ইভিএম পদ্ধতিতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটিই ছিল মিঠাপুকুরে ইভিএম পদ্ধতির প্রথম ভোট।

ভোটগ্রহন উপলক্ষ্যে মিঠাপুকুর কলেজ মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচনে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

এছাড়াও, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর-পীরগঞ্জ আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন আফরোজা খাতুন বিথী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply