
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে তথ্য সংগ্রহকালে দুই সাংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন সামাজিক কবরস্থানের জায়গা বেদখল হওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে তথ্য সংগ্রহের সময় এই হামলার শিকার হন সংবাদকর্মী আমিরুল কবীর ও রুবেল হোসাইন। আমিরুল দৈনিক সময়ের আলো ও রুবেল দৈনিক আমার সংবাদ পত্রিকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় ভূমিদস্যু বদু ও জালাল সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন জয়রামপুর আনোয়ার বগুড়াই পাড়া গ্রামে সামাজিক কবরস্থানের নামে ২৭ শতক জমি রয়েছে। সেখানে স্থানীয় পূর্বপুরুষদের কবরও রয়েছে। কিন্তু কবরস্থানের জমি নিজের দাবি করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেন স্থানীয় একটি চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
গত রবিবার (১৬ অক্টোবর) সকালে ওই এলাকায় গিয়ে “সামাজিক কবরস্থানের জমি দখল করে অর্থ বানিজ্য”এমন ঘটনার তথ্য সংগ্রহের সময় ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন, দৈনিক সময়ের আলোর মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি আমিরুল কবির ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রুবেল হোসাইন। দূর্বৃত্তদের অতর্কিত হামলার সাথে সংবাদকর্মীদের ক্যামেরা এবং ল্যাপটপ ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আমিরুল কবিরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, জয়রামপুর আনোয়ার মৌজায় ২২৭ নং-দাগে ২৭ শতাংশ জায়গা জয়রামপুর আনোয়ার সামাজিক কবরস্থানের নামে রেকর্ড এবং তফসিলভূক্ত হয়। পূর্বে ঐ গ্রামের কেউ মারা গেলে উল্লেখিত জায়গায় তাদের কবরস্থ করা হতো। কিন্তু সেখানে বেশ কয়কজন ব্যক্তিকে দাফন কার্য সম্পূর্ণ হওয়ার পর, ভূমিদস্যুরা কবরস্থানটি দখল নিতে মরিয়া হয়ে উঠে।
ভূমিদস্যু এবং স্থানীয় টাউটরা কবরস্থানের পূরা জায়গাটি দখল নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ৫০ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা চাঁদা নিয়ে রাতারাতি সেসব জায়গায় ঘর তুলে দেয়। এতে কবরস্থানটি দখল হয়ে যায়। কবরস্থানটি ফিরে পেতে দীর্ঘদিন থেকে এলাকাবাসীসহ সুশীল সমাজ, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করে আসছিলেন।
১৬ অক্টোবর রবিবার প্রকৃত ঘটনার বিষয়ে জানতে সংবাদকর্মী আমিরুল কবির ও রুবেল হোসাইন ঘটনাস্থলে পৌঁছা মাত্রই বদু নামে এক ব্যক্তি সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করেন এবং জালাল নামে এক যুবকসহ অজ্ঞাত ৩/৪ জন আক্রমণ করেন। এ সময় তাদের বাধা প্রদান করলে তারা আমিরুল কবিরকে মারধর করে ক্যামেরা এবং ল্যাপটপ ছিনিয়ে নেন। খবর পেয়ে স্হানীয় সংবাদকর্মীরা গিয়ে আমিরুল কবির সুজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় আমিরুল কবির সুজনকে উদ্ধার করতে গিয়ে দৈনিক আমার সংবাদের মিঠাপুকুর প্রতিনিধি রুবেল হোসাইনও আহত হন।
সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার সংবাদকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন স্থানীয় সংবাদকর্মীরা।
এম২৪নিউজ/আখতার